
দুর্গাপূজা ও টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় পুলিশ সদস্য ও সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তিনি বলেন, দীর্ঘ ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। জনগণের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময়ে আইনশৃঙ্খলাজনিত কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, স্থানীয় বাসিন্দা, পর্যটক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তবে হিমছড়িতে গোসল করতে নেমে অসাবধানতাবশত চার পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজ থাকার ঘটনায় দুঃখ প্রকাশ করেন পুলিশ সুপার। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। কোনো অপরাধের ঘটনা ঘটলে বিভ্রান্তি না ছড়িয়ে প্রকৃত তথ্য যাচাই করে প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, কক্সবাজারের ঈদগাঁওয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালারমুখ এলাকায় ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে লুণ্ঠিত ৭ হাজার ২৩০ টাকা ও ডাকাতিতে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন ভুক্তভোগীর তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর দুপুরে মুখোশধারী একদল ডাকাত ঈদগাঁও-ঈদগড় সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে। এ ঘটনায় ২১ অক্টোবর রাতে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়া এলাকা থেকে মোহাম্মদ রায়হান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।